মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সিগঞ্জ জেলার টংগিবাড়ি উপজেলা ও পদ্মা থানার পৃথক উদ্যোগে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) আয়োজিত এসব র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের জেনারেল সেক্রেটারি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক এ বি এম ফজলুল করীম।
র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ফজলুল করীম বলেন, ‘অন্যায়-অবিচার, দুর্নীতি ও দুঃশাসনমুক্ত সমাজ প্রতিষ্ঠাই হোক আজকের বিজয় দিবসের অঙ্গীকার। বিজয়ের চেতনায় উজ্জীবিত হয়ে সত্য, ন্যায় ও ইনসাফের পথে এগিয়ে যাওয়ার শপথ নিতে হবে। মুক্তিযুদ্ধ আমাদের অন্যায়ের বিরুদ্ধে আপসহীন থাকার শিক্ষা দিয়েছে।’
তিনি বলেন, ‘রাষ্ট্র ও সমাজের প্রতিটি স্তরে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করতে জামায়াতে ইসলামী প্রতিশ্রুতিবদ্ধ। মানবিক মর্যাদা, সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এ বিজয় দিবসে আমাদের শপথ হোক একটি ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার।’
এ সময় উপস্থিত ছিলেন জেলা ওলামা বিভাগের সভাপতি ও মুন্সিগঞ্জ-২ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মাওলানা হেমায়েত উদ্দিন, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সহ-সভাপতি মাওলানা আব্দুল বারী, জামায়াতে ইসলামী টংগিবাড়ি উপজেলা আমির মাওলানা হাবিবুর রহমান, সেক্রেটারি কাজি মাওলানা ইকবাল হোসাইন, পদ্মা থানার আমির মাওলানা আনোয়ার হোসেনসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় জামায়াতের কর্মী ও সমর্থকরা।








