মুন্সীগঞ্জে নির্বাচন পরবর্তী বিরোধের জেরে গুলিবিদ্ধ হয়েছেন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো: বশির উদ্দিন (৫২)।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে শহরের গুদারাঘাট এলাকায় ইসলামী ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।
আহত বশির পৌরসভার নয়াপাড়া এলাকার বাসিন্দা এবং মরহুম চাঁন মিয়ার ছেলে।
বশিরের দাবি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-৩ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সংসদ সদস্য মো: কামরুজ্জামান রতনের পক্ষে তিনি কাজ করেন। একই আসনে ফুটবল প্রতীকের বিদ্রোহী প্রার্থী মো: মহিউদ্দিনের সমর্থক ছিলেন চঞ্চল মিয়া (৪০)। নির্বাচনকালীন প্রচারণা ঘিরে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয় বলে জানান তিনি।
তার ভাষ্য অনুযায়ী, পূর্বের বিরোধের জের ধরে বুধবার বিকেলে তাকে একা পেয়ে চঞ্চলের নেতৃত্বে রাসেল (৩৫), শুভ (৩৫), পলাশ (৪০) ও লালু মিয়া (৫০) তার পথরোধ করেন। একপর্যায়ে চঞ্চল পিস্তল বের করে গুলি ছোড়েন। আত্মরক্ষার চেষ্টা করলে একটি গুলি তার হাতে লাগে। স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যান।
স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছিল। বুধবারের ঘটনাকে সেই উত্তেজনারই বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে।
এদিকে, আহত বশিরের অভিযোগ, গুলির পর তাকে মারধরও করা হয়। তিনি চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।
ঘটনার বিষয়ে জানতে চাইলে উপপরিদর্শক (এসআই) আতাউর রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।








