কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা

কিশোরগঞ্জের কটিয়াদীতে বাস-পিকআপের সংঘর্ষে পান্ত চন্দ্র বর্মন (২০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

রোববার (৬ এপ্রিল) ভোরে উপজেলার কটিয়াদী-মঠখোলা সড়কের মুগদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত পান্ত চন্দ্র বর্মণ (২০) নারায়নগঞ্জ জেলা সদরের আনন্দ বাজার দামোদরদি গ্রামের সুজন চন্দ্র বর্মণের ছেলে।

জানা যায়, কটিয়াদী-মঠখোলা সড়কে মুগদিয়া এলাকায় ভোর রাতে কটিয়াদী থেকে একটি পিকআপ মঠখোলা রোডে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। পরে লাশ উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।

খবর পেয়ে নিহতের পরিবারের লোকজন হাসপাতালে এসে নিহতের লাশ শনাক্ত করেছে।

নিহতের ফুফু পপি রাণী বর্মন বলেন, ‘প্রতিদিনের মতো রাতে নিহত পান্ত চন্দ্র বর্মণ পিকআপের চালক সানির সাথে কাজে বের হয়ে যায়। সকালে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে আমরা এসে দেখি পিকআপ দুমড়ে মুচড়ে গেছে। সাথে থাকা চালক সানিকে পাওয়া যায়নি এবং তার মুঠোফোনও বন্ধ।

স্থানীয়রা জানিয়েছে, পিক-আপের সাথে বাসের সংঘর্ষ হয়েছে।

কটিয়াদী মডেল থানার সাব ইন্সপেক্টর মাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘হাসপাতাল থেকে লাশ থানায় নিয়ে আসা হয়েছে। পরিচয় নিশ্চিত হয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে।’