সিলেট জেলার তিনটি উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহতে হওয়ার খবর পাওয়া গেছে।

রোববার (১৫ জুন) ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত সিলেটের ওসমানীনগর, গোয়াইনঘাট ও জকিগঞ্জের পৃথক স্থানে এসব দুর্ঘটনা ঘটে।

ওসমানীনগরে বৃদ্ধ নিহত

সিলেটের ওসমানীনগর উপজেলায় সড়ক দুর্ঘটনায় আল খালেক মোহাম্মদ ফটিক (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

রোববার উপজেলার দয়ামীর ইউনয়নের নিজ কুরুয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ ওই গ্রামের মরহুম ময়না মিয়ার ছেলে। ভোরে ফজরের নামাজ শেষে মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত গাড়ির চাপায় তার মৃত্যু হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।

তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, ‘কুরুয়া বাজারের দুর্ঘটনায় মামলার প্রস্তুতি চলছে পাশাপাশি গাড়িটি শনাক্তের চেষ্টাও অব্যাহত রয়েছে।’

গোয়াইনঘাটে মোটরসাইকেল আরোহী নিহত

গোয়াইনঘাটে অটোবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও আরেকজন আহত হয়েছেন।

রোববার সকাল সাড়ে ১১টার দিকে গোয়াইনঘাট সালুটিকর সড়কের সতি চৌকিদারের বাড়ির মোড়ে ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গোয়াইনঘাটগামী মোটরসাইকেল এবং বিপরীত দিক থেকে আসা অটোবাইকের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিজাম উদ্দিন (২৩) ও অপর আরোহী লায়েক মিয়া (২২) আহত হন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক নিজামকে মৃত ঘোষণা করেন।

আহত লায়েক মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেট ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন।

নিহত নিজাম নন্দিরগাঁও মানাউরা গ্রামের মরহুম আব্দুল ফাত্তার ছেলে ও আহত লায়েক ওই গ্রামের জয়াদ আলীর ছেলে।

জকিগঞ্জে গৃহবধূ নিহত

সিলেট-জকিগঞ্জ সড়কের শাহবাগ এলাকায় সড়ক দুর্ঘটনায় চার সন্তানের মা হোসনা বেগম (৫০) নিহত হয়েছেন। রোববার সকাল ৮টার দিকে জকিগঞ্জ উপজেলার শাহবাগ বাসস্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হোসনা বেগম জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের কচুয়া গ্রামের রকিব আলীর স্ত্রী ও একই উপজেলার কাজলসার ইউনিয়নের গোটারগ্রামের শামসুল হকের মেয়ে।

নিহতের আত্মীয় খাদেজা বেগম জানান, চার মেয়ের মা নিহত হোসনা বেগমের স্বামী অসুস্থ থাকায় তিনি বাড়ির পাশের শাহবাগ বাসস্টেশন থেকে মাছ কিনতে গিয়েছিলেন। বাড়িতে ফেরার পথে সড়ক পারাপারের সময় একটি সিএনজি অটোরিকশা তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে গুরুতর আহত হন। পরে তাকে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এর সত্যতা স্বীকার করে জকিগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম মুন্না জানান, নিহতের পরিবারের লোকজনের আবেদনের প্রেক্ষিতে তাকে বিনা ময়নাতদন্তের দাফনের অনুমতি দেয়া হয়েছে। তবে অভিযুক্ত সিএনজি অটোরিকশা পুলিশের জিম্মায় রয়েছে। নিহতের পরিবার মামলা দিলে পুলিশ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিবে।