মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লোকালয় থেকে প্রায় ১৮ ফুট লম্বা ও ৩৫ কেজি ওজনের একটি বিশাল আকৃতির অজগর সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে শহরের মৌলভীবাজার সড়কের ৫ নম্বর পুলসংলগ্ন এলাকা থেকে অজগরটি উদ্ধার করা হয়। পরে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে সাপটিকে নিরাপদে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের বন্ধন কমিউনিটি সেন্টারের পাশ দিয়ে যাওয়ার সময় স্থানীয় এক বাসিন্দা সড়কের পাশে বিশাল আকৃতির একটি অজগর সাপ দেখতে পান। খবরটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে যায়। এতে স্থানীয়দের মধ্যে কিছুটা আতঙ্ক ও কৌতুহলে সৃষ্টি হয়। এ সময় কয়েকজন সাপটিকে হত্যারও চেষ্টা করেন।

পরে স্থানীয় সচেতন ব্যক্তিরা বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দিলে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ এবং বাবুল রবিদাস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সতর্কতার সাথে অজগরটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল নয়া দিগন্তকে জানান, উদ্ধার করা অজগরটির দৈর্ঘ্য প্রায় ১৭ থেকে ১৮ ফুট এবং ওজন আনুমানিক ৩৩ থেকে ৩৫ কেজি হবে।

তিনি বলেন, ‘বিশাল আকৃতির এই অজগরটি খাবারের অভাবে অনেকটাই দুর্বল হয়ে পড়েছিল। দেখে মনে হয়েছে এটি বেশ ক্ষুধার্ত ছিল। পর্যাপ্ত খাবার পেলে একসাথে পাঁচ থেকে সাতটি মুরগি পর্যন্ত খেতে সক্ষম হবে।’

তিনি আরো জানান, প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে অজগরটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। প্রাকৃতিক আবাসস্থলে ফিরে গেলে খাবারের সঙ্কট থাকবে না বলেও আশা প্রকাশ করেন তিনি।