খালিয়াজুড়ি (নেত্রকোনা) সংবাদদাতা
নেত্রকোনার খালিয়াজুড়িতে পরলোকগত অনাথ দাসের ছেলে রাহুল দাসের (২৬) বাড়িতে গিয়ে শুকনো খাবার তুলে দিলেন উপজেলা নির্বাহী অফিসার নাদির হোসেন শামীম।
বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের যাদবপুর গ্রামের তিনি রাহুলের বাড়িতে যান।
জানা যায়, রাহুল দরিদ্র অসহায় পরিবারের সন্তান। প্রায় ২০ বছর আগে তার বাব অনাথ দাসের মৃত্যু হয়। তার মা সঞ্চিতা রাণী দাস ও তিন বোনকে নিয়ে কোনো রকমে জীবনযাপন করেন।
গত সপ্তাহে শিলাবৃষ্টিতে তাদের ৮০ শতাংশ জমির ধান নষ্ট হয়ে যায়। এতে বুধবার ভোর ৪টার দিকে তার মা সঞ্চিতা রাণী দাস (৬১) বাড়ির পাশে করছ গাছের ডালের সাথে গলায় গামছা দিয়ে আত্মহত্যা করেন।
খবর পেয়ে ইউএনও নাদির হোসেন তাদের বাড়িতে গিয়ে অসহায় পরিবারের হাতে ২০ কেজি চাল, দুই কেজি তেল, দুই কেজি চিনি, দুই কেজি ডাল, বিস্কুট ও অন্য খাবারসহ ৩০ কেজি শুকনো খাবারের প্যাকেট তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন কৃষ্ণপুর ইউনিয়ন চেয়ারম্যান মো: শামীম মড়ল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রীতিভোষণ দাস, কৃষি কর্মকর্তা মো: দেলোয়ার হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশলী মো: সাকিল সারোয়ার, উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক মোহাম্মদ হাবিবুল্লাহ, সাংবাদিক মো: মোস্তাফিজুর রহমান রনিসহ এলাকার শতাধিক মানুষ।
ইউএনও নাদির হোসেন বলেন, ‘বিপদে ধৈর্য্য ধারণ করুন, সৃষ্টিকর্তা আপনার এবং পরিবারের সকলের মঙ্গল করুন। যে কোনো সমস্যা হলে আমাদেরকে জানাবেন, আমারা আপনার পরিবারের পাশে আছি ইনশাআল্লাহ।’















