ফিলিস্তিনের গাজাবাসীর উপরে ইসরাইল কর্তৃক বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ঢাকার ধামরাইয়ের ছাত্র সমাজসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষেরা।
সোমবার (৭ এপ্রিল) দুপুরে তারা এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে।
দুপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা ঢাকা-আরিচা মহাসড়কে মানববন্ধন করে। এছাড়া তৌহিদ জনতার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ধামরাই উপজেলা চত্বর মাঠে বিক্ষোভ সমাবেশ শেষে দোয়ার আয়োজন করে।
সমাবেশে বক্তব্য রাখেন, ধামরাই সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের জামে মসজিদের খতিব ইয়াসিন আনসারী, গোয়ারীপাড়া জামে মসজিদের খতিব শাকিল আহমেদ, ধামরাই বিজয়নগর ঢাকা ইসলামিয়া ক্যাডেট মাদরাসার মোহতামিম মাওলানা মোশাররফ হোসেন, নিরাপদ সড়ক ধামরাই শাখার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ছাত্র সমাজ থেকে রোহিত, পিয়াস ও তৌহিদ জনতা থেকে ফয়জুল রহমান প্রমুখ।
বক্তারা বলেন, ইসরাইলি পণ্য আমাদের বয়কট করতে হবে। গণহত্যার প্রতিবাদে সারা বিশ্বের মুসলমানকে একত্রিত হতে হবে। আমাদেরকে অনুমতি দিলে আমরা যুদ্ধ অংশগ্রহণ করব ইসরাইলের বিরুদ্ধে।
সমাবেশ শেষে দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় অনেকে কান্নার ভেঙে পড়েন।








