চট্টগ্রামের হাটহাজারীতে সরকারি জায়গায় নির্মিত অনুমোদনহীন অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রায় ২০ শতাংশ জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহেদ আরমানের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জমি উদ্ধার করা হয়।

অভিযানে উপজেলার পশ্চিম ধলই মৌজার সড়ক ও জনপথ বিভাগের মালিকানাধীন ২০ শতাংশ জমিতে নির্মিত অনুমোদনহীন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান জানান, উচ্ছেদ অভিযানের মাধ্যমে আনুমানিক আড়াই কোটি টাকা মূল্যের ২০ শতাংশ সরকারি সম্পত্তি উদ্ধার করা হয়। অবৈধ দখলকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সড়ক ও জনপথ অধিদফতর এবং হাটহাজারী মডেল থানার ওসিকে নির্দেশনা প্রদান করা হয়।