নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্ত্রীকে হত্যার মামলায় ২৫ বছর পর স্বামী আলম ওরফে নবীনকে (৬০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো: মোমিনুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

এ মামলায় আসামিকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেয়াও হয়েছে।

কোর্ট পুলিশের পরিদর্শক মো: কাইউম খান রায়ের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময়ে আসামি আদালতে উপস্থিত ছিলো।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আলম ওরফে নবীন সিদ্ধিরগঞ্জের চরহোগলা আদম আলী নেকরামের ছেলে। ভুক্তভোগী নিহত স্ত্রী হলেন আফসানা।

আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট খন্দকার আজিজুল হক হান্টু বলেন, ‘১৯৯৯ সালের ২ অক্টোবর সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকা থেকে আফসানা নামে একজন নারীর লাশ উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলায় দায়ের করে। মামলায় তদন্ত করে পুলিশ তার স্বামীকে অভিযুক্ত করেন। এ মামলার বিচারকার্য শেষে আদালত এ রায় ঘোষণা করেন।