সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের সাতকানিয়ায় পুকুরের পানিতে ডুবে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীসহ দুই খালাতো বোন আফিফা আবেদীন (২১) ও হুজাইফা নূর (৮) নিহত হয়েছেন।
শনিবার (১৬ আগস্ট) বিকেলে উপজেলার ছদাহা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড নওরগাঁ পাড়ার ডা: ওসমান গণির বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আফিফা আবেদীন উপজেলার কাঞ্চনা ইউনিয়নের মনু ফকিরহাট চৌধুরী বাড়ি এলাকার মাওলানা জয়নাল আবেদীনের মেয়ে ও শিশু হুজাইফা নূর উপজেলার উত্তর ছদাহা মধু মার্কেট এলাকার মরহুম সিরাজুল ইসলামের মেয়ে। এদের মধ্যে নিহত আফিফা আবেদীন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মান প্রথম বর্ষের শিক্ষার্থী এবং হুজাইফা নূর উত্তর ছদাহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, গত কয়েকদিন আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মাননা প্রথম বর্ষের ছাত্রী আফিফা আবেদীন ভোটার হওয়ার জন্য বাবার সাথে চট্টগ্রাম শহর থেকে গ্রামের বাড়ি কাঞ্চনায় এসেছিল। বাড়ি থেকে গত বৃহস্পতিবার নানুর সাথে উপজেলার ছদাহায় খালার বাড়িতে বেড়াতে যায়। গত শনিবার সকালে খালাতো বোনদের সাথে গাড়িতে করে বান্দরবানে ঘুরতে যায়। সেখান থেকে ঘুরে এসে আফিফা ও হুজাইফা পরিবারের অন্য সদস্যদের অজান্তে বাড়ির পুকুরে গোসল করতে যায়। এ সময় তারা সাঁতার না জানার ফলে অসাবধানতাবশত পানিতে নিচে তলিয়ে যায়। এদিকে বাড়ির লোকজন দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে বিভিন্নস্থানে খোঁজাখুঁজি শুরু করলে পুকুর ঘাটে তাদের পায়ের জুতা দেখতে পান। এ সময় পরিবারের লোকজন পুকুরের পানিতে নেমে খোঁজাখুঁজি শুরু করলে পানির তলদেশ থেকে তাদের উদ্ধার করা হয়। তাদেরকে অচেতন অবস্থায় উদ্ধার করে কেরানীহাট আশশেফা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য মুজিবুর রহমান জানান, পুকুরের পানিতে ডুবে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীসহ দুই খালাতো বোন নিহত হয়েছেন। শুনেছি সকাল বেলা তারা বান্দরবানে বেড়াতে গিয়েছিল সেখান থেকে এসে পুকুরে গোসল করতে নেমে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাহেদুল ইসলাম জানান, খালার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে গোসল করতে নেমে দু’জনের মৃত্যু হয়েছে। পুকুরে গোসল করার আগে তারা পুরো পরিবার বান্দরবান এলাকায় ঘুরতে গিয়েছিল বলে শুনেছি। সেখান থেকে খালার বাড়ি ছদাহা গেলে এ ঘটনা ঘটে।








