যশোরের বেনাপোলে বেনাপোলে মনিরুজ্জামান (৫২) ও তার স্ত্রী রেহেনা খাতুনের (৪৫) লাশ উদ্ধার করা হয়েছে। পারিবারিক দ্বন্দ্বের জেরে স্ত্রীকে হত্যার পর তার স্বামী আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে পারিবারের দাবি, তাদের হত্যা করা হয়েছে।
শুক্রবার রাতের কোনো একসময় বেনাপোল পোর্ট থানাধীন সীমান্তবর্তী রঘুনাথপুর গ্রামে ঘটনাটি ঘটে।
মনিরুজ্জামান রঘুনাথপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে এবং রেহেনা মোহাম্মদ আলীর মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সংসারে অভাব অনাটনের কারণে তাদের মধ্যে প্রায় বাকবিতণ্ডা হতো। শুক্রবার পারিবারিক দ্বন্দ্বের জেরে মনিরুজ্জামান তার স্ত্রী রেহেনা খাতুনকে গলা চেপে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে গাছের সাথে দড়িতে ঝুলে তিনি আত্মহত্যা করেন।
তবে তাদের সন্তানরা বলছেন, তাদের হত্যা করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল মিয়া বলেন, স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে মনিরুজ্জামানের গলায় দড়ি দেয়া ঝুলন্ত লাশ তার বাড়ির উঠানের আমড়াগাছ থেকে উদ্ধার করা হয়। অপরদিকে তাদের বাড়ির উত্তর পাশের ফাঁকা মাঠ থেকে তার স্ত্রী রেহেনা খাতুনের লাশ উদ্ধার করা হয়েছে।
ওসি জানান, তারা আত্মহত্যা করেছে নাকি তাদের হত্যা করা হয়েছে তা এই মুহূর্তে বলা সম্ভব না। তদন্ত করে দেখা হচ্ছে। তবে ধারণা করা হচ্ছে, স্বামী স্ত্রীকে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।








