বরিশালের গৌরনদী থেকে চুরি হওয়া একটি মিনি ট্রাক যশোর থেকে উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় চারজনকে আটক করা হয়।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে তাদের মামলা দিয়ে গ্রেফতার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- মাদারীপুরের ডাসার উপজেলার উত্তর ভাউতলী গ্রামের ফারুক বেপারীর ছেলে হাফিজ বেপারী (৩২), একই উপজেলার পশ্চিম বনগ্রামের সিরাজ শিকদারের ছেলে ফোরকান শিকদার (২২), পশ্চিম পূবালী গ্রামের হালিম ঘরামীর ছেলে সোহেল ঘরামী (২৩) ও শশিকর গ্রামের মরহুম কার্তিক চন্দ্র রায়ের ছেলে শুশান্ত রায় (৩৫)।

যশোর জেলার পুলিশ সুপার রওনক জাহান জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বুধবার রাতে কোতয়ালী থানার মুড়ুলী এলাকায় সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে গোয়েন্দা পুলিশ। এ সময় মাদারীপুরের ডাসার উপজেলার চারজনকে আটকের পর জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাদের দেয়া স্বীকারোক্তিতে মিনি ট্রাকটি জব্দ করা হয়।

আটক ব্যক্তিরা জানায়, গত ৩ আগস্ট বরিশাল জেলার গৌরনদী উপজেলার মেদাকুল গ্রামের বলরাম পোদ্দারের বাড়ি থেকে মিনি ট্রাকটি চুরি করে বিক্রির উদ্দেশে যশোরে নিয়ে আসে। পরে আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দেয় গোয়েন্দা পুলিশ।

এদিকে ঘটনার মূলহোতা মাসুদ বর্তমানে পলাতক রয়েছেন বলে জানা গেছ। তাকে ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে মিনি ট্রাক চুরি হওয়ার ঘটনায় এর মালিক ভাষাই সূত্রধর বরিশালের গৌরনদী থানায় সাধারণ ডায়েরি করেছিলেন। আইনিপ্রক্রিয়া শেষে ট্রাকটি মালিকের কাছে পৌঁছে দেয়ার কথা জানিয়েছে পুলিশ।