ছাদ থেকে পড়ে কক্সবাজার শহরের লিংকরোডের ব্যবসায়ী শেখ মেজবাহ উদ্দিন চৌধুরীর রহস্যজনক মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, ছাদে নিয়ে মেরে তাকে নিচে ফেলে দিয়েছেন দুর্বৃত্তরা। ঘটনায় তদন্ত করছে পুলিশ।

বুধবার (৩০ জুলাই) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত শেখ মেজবাহ উদ্দিন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাতারিয়া এলাকার শেখ আমান উদ্দীন চৌধুরীর ছেলে। তিনি কক্সবাজারের লিংকরোড বিসিক শিল্প কারখানায় কাঠ সরবরাহসহ বিভিন্ন ব্যবসা করতেন এবং স্টেশনের কাছে পরিবারসহ বাসা ভাড়ায় থাকতেন।

নিহতের ম্যানেজার মো: রাকিব জানান, ফজরের আজানের পর মসজিদে নামাজ পড়তে যান মেজবাহ উদ্দিন। পরে নামাজ পড়ে বাসায়ও ফেরেন। এরপর কে বা কারা তাকে ফোন করলে তিনি কথা বলতে বলতে ভবনের ছাদে যান। পরে তাকে ছাদ থেকে পড়ে যেতে সিসিটিভি ক্যামেরায় দেখা যায়।

তিনি আরো জানান, সিসিটিভি ফুটেজ দেখে মনে হচ্ছে তাকে কেউ হত্যা করে উপর থেকে ফেলে দিয়েছে। কারণ, পড়ার পর কোনো রকম নড়াচড়া করেননি তিনি।

বাঁশখালী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান আহমদ বলেন, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ভবনের ছাদ থেকে তিনি নিচে পড়ছেন। তবে কোনো চিৎকার বা নড়াচড়ার লক্ষণ দেখা যায়নি। একটি ফুটেজে একজনকে ছাদের ধারে দাঁড়িয়ে নিচে উঁকি দিতে দেখা গেছে, যা ঘটনাটিকে আরো রহস্যজনক করে তুলেছে।

পরিবার ও স্বজনদের দাবি, মিছবাহ উদ্দিনের রিয়েল এস্টেট ব্যবসা নিয়ে কিছু লোকজনের সাথে বিরোধ ছিল। এ বিরোধ থেকেই এ ঘটনা ঘটতে পারে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ইলিয়াছ খান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নিয়ে যায়। ঘটনাস্থল থেকে কয়েকটি সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজগুলো বিশ্লেষণ করে বিস্তারিত তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।’