জুলাই গণ-অভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত যশোরের এনাম সিদ্দিকীর (৩০) সম্পূর্ণ চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার (১৩ মে) দুপুরে তার বাড়িতে এ বার্তা পৌঁছে দেয় বিএনপির একটি প্রতিনিধি দল।
জানা যায়, মঙ্গলবার দুপুরে দলটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম ও খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে জেলার নেতারা আহত এনামের বাড়িতে যান এবং তার পরিবারের সদস্যদের সাথে দেখা করে তারেক রহমানের বার্তা পৌঁছে দেন। এসময় তার পক্ষ থেকে এনামের পরিবারের হাতে আর্থিক অনুদান তুলে দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান।
আহত এনাম জানান, গত ৪ আগস্ট উত্তরায় পুলিশ তার মাথায় গুলি করলে গুরুতর আহত হন তিনি। পরিবারের পক্ষ থেকে ঢাকায় রেখে চিকিৎসা সম্ভব হচ্ছিল না বলে যশোরে ফিরে এসেছেন। তার চিকিৎসা এখনো শেষ হয়নি এবং তিনি কখনো কর্মক্ষম হতে পারবেন না। এমন অবস্থায় তারেক রহমান পাশে দাঁড়ানোয় মনোবল ফিরে পেয়েছেন এনাম।








