ফিলিস্তিনের গাজায় ইসরাইলিদের গণহত্যার প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) সকালে ময়মনসিংহের সর্বস্তরের জনগণের উদ্যোগে নগরীর টাউনহল মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন হাজারো ছাত্র-জনতা।

এ সময় ইসরাইলি বর্বরতার বিপক্ষে নানা প্ল্যাকার্ড হাতে স্লোগানে মুখরিত হয়ে উঠে নগরী। পরে বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে গিয়ে শেষ হয়। মিছিলে বিভিন্ন প্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার বিপুল সংখ্যক জনতা অংশগ্রহণ করে।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, ময়মনসিংহ নাগরিক সমাজের সদস্য সচিব শামসুদ্দোহা মাসুম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহানগর শাখার আহ্বায়ক ওয়ালিউল্লাহ, সদস্য সচিব আল নূর মোহাম্মদ আয়াস, অধ্যক্ষ সৈয়দ তৌফিকুর রহমান প্রমুখ।

এছাড়াও গাজায় বর্বরোচিত গণহত্যা বন্ধের দাবিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পৃথকভাবে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

এদিকে নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর থেকে জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউনহলে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে।

সমাবেশে বক্তব্য রাখেন বাংলদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ জেলা জামায়াতের আমির আব্দুল করীম, মহানগর আমির মাওলানা কামরুল আহসান এমরুল, জেলা সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দ ও মহানগর সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ কায়সার, মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক আল হেলাল তালুকদার, সহকারী সেক্রেটারি জেনারেল আনোয়ার হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ওয়ালিউল্লাহ মুজাহিদ।

একই সময়ে গাজায় ইসরাইলি নারকীয় হত্যাযজ্ঞের প্রতিবাদে নগরীর ফিরোজ জাহাঙ্গীর চত্বরে ঘৃণা-সমাবেশ করেছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি জেলা কমিটি।

এতে বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত, সাধারণ সম্পাদক শেখ বাহার মজুমদার।

এ সময় তারা ইসরাইলি নারকীয় হত্যার তীব্র প্রতিবাদ জানিয়ে অনতিবিলম্বে এই হত্যা বন্ধ করার আহ্বান জানান। বক্তারা বাংলাদেশ সরকারকে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেয়ার আহ্বান জানানো হয়।