রাজশাহীর দুর্গাপুরে গলায় ফাঁস লাগানো অবস্থায় আম গাছের ডাল থেকে শুভ আহমেদ (২২) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২০ মে) সকালে এ লাশ উদ্ধার করে থানা পুলিশ।
মৃত শুভ আহমেদ উপজেলার বাজুখলসী গ্রামের আমজাদ হোসেনের ছেলে। সে রাজশাহী সরকারি কলেজের দর্শন বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
জানা গেছে, মঙ্গলবার সকালে দুর্গাপুর থানা পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় তার গ্রামের একটি আমবাগান থেকে শুভর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোরে ফসলের মাঠ থেকে ফেরার সময় আসাদুল ইসলাম নামের এক ব্যক্তি আম গাছের ডালে রশির সাথে ঝুলন্ত অবস্থায় শুভর লাশ দেখতে পায়। পরে স্থানীয়দের সাথে নিয়ে ঘটনাস্থলে গিয়ে থানা পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
আরো জানা গেছে, গত সোমবার তার বাবার ২ হাজার টাকা বাড়ি থেকে হারিয়ে গেলে তার মায়ের সাথে বাকবিতণ্ডা হয়। পরে শুভকে টাকার কথা বললে অভিমানে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। স্থানীয়দের ধারণা, শুভ সোমবার দিবাগত রাতে কোনো এক সময় আমগাছের ডালে রশিতে ঝুলে আত্মহত্যা করেছে।
দুর্গাপুর থানার সেকেন্ড অফিসার (এসআই) ইব্রাহিম খলিল বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শুভর নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, পরিবারের ওপর অভিমান করে শুভ আত্মহত্যা করতে পারে। তবে পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য বলা হয়েছে। থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।’








