খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সিন্ডিকেট সভায় সার্বিক নিরাপত্তার স্বার্থে বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার মধ্যে হল ত্যাগের নির্দেশনা দেয়ার পর আজ সকাল থেকে হল ছাড়তে শুরু করেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।
মঙ্গলবার নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয়টির প্রশাসন শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়।
এদিকে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আজ সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
শিক্ষার্থীরা জানান, সার্বিক নিরাপত্তার স্বার্থে হল ত্যাগ করে বাড়ি যাচ্ছেন তারা। এর মধ্যে অনেকেই হল ত্যাগ করেছেন। বাকিরাও নির্ধারিত সময়ের আগে হল ত্যাগ করবেন।
গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে ছাত্ররাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনার পর থেকেই সেখানে উত্তপ্ত অবস্থা বিরাজমান।
এদিকে শিক্ষার্থীরা ভিসি, প্রো-ভিসির অপসারণসহ ছয় দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
এ অবস্থায় মঙ্গলবার ভিসির বাসভবনে বিশ্ববিদ্যালয়ের ৯৯তম (জরুরি) সিন্ডিকেট সভায় সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে বুধবার সকাল ১০টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীকে হল ত্যাগের নির্দেশ দেয়া হয়। এর প্রতিবাদে রাতে বিক্ষোভ মিছিল বের করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ সময় তারা হলে অবস্থান করার ঘোষণা দেন।








