শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের টেপারবিলের বনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে ঘটনাস্থলে পানি না থাকায় আগুন নিয়ন্ত্রণে দেরি হচ্ছে বলে জানা গেছে। এদিকে আগুন লাগায় চারদিকে ফায়ার লাইন কেটে নিয়ন্ত্রণের চেষ্টা করছেন বনরক্ষীরা।
শনিবার (২২ মার্চ) সকালে রেঞ্জের কলমতেজী ফরেস্ট টহল ফাঁড়ির আওতাধীন টেপারবিলের বনে এ আগুন লাগে।
জানা যায়, আগুন লাগার জায়গায় ধোয়া উড়তে দেখে বনরক্ষীদের খবর দেয় এলাকাবাসী। পরে ঘটনাস্থলে ছুটে যান বনরক্ষীরা। সেখানের আগুন যেন বনের মধ্যে ব্যাপকভাবে ছড়াতে না পারে সে জন্য আগুনের চারপাশে ফায়ার লাইন কাটে তারা। তবে আশপাশে পানির কোনো উৎস না থাকায় সমস্যা দেখা দিয়েছে। তবে বনের খালে জোয়ার হলে নৌপথে পানির পাম্প নেয়া হবে বলে জানিয়েছেন স্টেশন কর্মকর্তা। বনের খাল থেকে প্রায় দুই-তিন কিলোমিটার দূরে এ অগ্নিকাণ্ড ঘটে।
ধানসাগর এলাকার সাবেক ইউপি সদস্য পান্না মিয়া বলেন, ‘শনিবার সকালে সুন্দরবনের টেপারবিল এলাকার বনের মধ্যে আগুনের ধোয়া উড়তে দেখা যায়। বিষয়টি তাৎক্ষণিক ধানসাগর স্টেশন কর্মকর্তাকে জানানো হয়।’
পূর্ব সুন্দরবন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নূরুল করীম বলেন, ‘সুন্দরবনে আগুন লাগার বিষয়ে খোঁজখবর নিয়ে আগুন নিয়ন্ত্রণের ব্যবস্থা নেয়া হচ্ছে।’





