লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা
নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দলনের মিছিলে হামলার অভিযোগে দায়েরকৃত মামলায় আত্মসমর্পণ করেছেন লোহাগড়া পৌরসভার সাবেক মেয়র আশরাফুল আলম।
আজ বুধবার দুপুরে লোহাগড়া আমলী আদালতে আত্মসমর্পণ করেন তিনি। এ সময় বিচারক রতনা সাহা তার জামিন নামুঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আশরাফুল আলম লোহাগড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, যুবলীগের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার কর্মসূচি চলাকালে লোহাগড়া সিঅ্যান্ডবি চৌরাস্তায় ছাত্র-জনতার ওপর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায়। এ সময় আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীরা শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি ছোড়ে এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে ১৩ জন শিক্ষার্থী আহত হয়।
এ ঘটনায় গত বছরের ৯ ডিসেম্বর রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলা শাখার মুখ্য সংগঠক কাজী ইয়াজুর রহমান বাবু আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের ২৯৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৩০০ থেকে ৩৫০ জনকে আসামি করে লোহাগড়া থানায় মামলা দায়ের করেন। এ মামলায় ১৯ নম্বর আসামি করা হয় তাকে।
নড়াইল আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট আজিজুল ইসলাম বিয়ষটি নিশ্চিত করেছেন।





