রাজশাহীর দুর্গাপুর উপজেলার আমগ্রাম এলাকার বিএনপিকর্মী মকবুল হোসেন (৩৫) হত্যা মামলার পাঁচ আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

রোববার (১১ মে) ভোররাতে কক্সবাজারের সুগন্ধা লাইটহাউসপাড়া থেকে তাদের গ্রেফতার করে র‍্যাবের একটি দল।

গ্রেফতাররা হলেন- জেলার দুর্গাপুর উপজেলার তরিপতপুর গ্রামের মো: আলামিন (৩৫), শহিদুল ইসলাম (২৫), মো: শাহাবুর (৩০), মো: রিপন (২৫) ও মেহেদী হাসান ওরফে বাটুল (২২)।

এর আগে গত ১৪ এপ্রিল উপজেলার আম গ্রামে বিএনপির দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় নিহত হন মকবুল হোসেন।

র‍্যাব জানায়, মকবুলের মৃত্যুর পর দুর্গাপুর থানায় হত্যা মামলা করেন তার স্ত্রী। পরে ছায়াতদন্ত শুরু করে র‍্যাব। অবশেষে পাঁচ আসামিকে কক্সবাজার থেকে গ্রেফতার করা হয়। আসামিদের দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া পলাতক অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।