জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী বলেছেন, ‘২০২৪ সালের গণবিপ্লব না হলে আজ কথা বলতে পারতাম না। তাই জুলাই বিপ্লবের চেতনা আমাদের লালন করতে হবে। এ চেতনায় উদ্বুদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে জামায়াতের সকল স্তরের জনশক্তিকে আত্মনিয়োগ করতে হবে।’

বৃহস্পতিবার (২৬ জুন) বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর চট্টগ্রাম-১১ আসনে থানা ও ওয়ার্ডসহ ছাত্র, শ্রমিক সর্বস্তরের দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শাহজাহান চৌধুরী বলেন, ‘আগামী নির্বাচনে জনগণ দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে জামায়াতে ইসলামীকে দেশ পরিচালনার দায়িত্ব দিতে চায়। তাই আমাদের নির্বাচনে বিজয়ের জন্য ব্যাপক দাওয়াতি কাজ করতে হবে। আগামী দিনে দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করে আধিপত্যবাদ ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে।’

তিনি বলেন, ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ২য় স্বাধীনতা লাভ করেছে জনগণ। ১ম স্বাধীনতার পর জনগণ সত্যিকারের মুক্তি পায়নি। দেশ পথ হারিয়েছে। ১৯৭৫ সালের ৭ নভেম্বর জাতি সঠিক পথ পায়। ১৯৯১ সালে জামায়াত সংসদে ১৮টি আসন লাভ করার পর ষড়যন্ত্র শুরু হয়। ২০০১ সালে জনগণের রায়ের মাধ্যমে জামায়াতে ইসলামী সরকার গঠনে সহযোগিতা করে। ২০০৮ সালে দেশ আবারো পথ হারায়। জামায়াত বার বার ভারতীয় আধিপত্য ও ষড়যন্ত্রের শিকার হয়েছে।’

জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও চট্টগ্রাম-১১ আসনের নির্বাচন পরিচালক মোহাম্মদ উল্লাহর সভাপতিত্বে বন্দর রেশমি কনভেনশন হলে অনুষ্ঠিত দায়িত্বশীল সমাবেশে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমির মুহাম্মদ নজরুল ইসলাম।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম-১১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শফিউল আলম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান, ছাত্রশিবির চট্টগ্রাম দক্ষিণের সভাপতি মুহাম্মদ ইব্রাহীম হোসেন রনি, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর সেক্রেটারি আবু তালেব চৌধুরী, ইপিজেড থানা আমির আবুল মোকাররম, ডবলমুরিং থানা আমির ফারুকে আজম, সদরঘাট থানা আমির মুহাম্মদ আবদুল গফুর, পতেঙ্গা থানা আমির অধ্যক্ষ মুহাম্মদ সেলিম, পতেঙ্গা থানার নায়েবে আমির ড. মাওলানা আব্দুল মোতালেব, শ্রমিক কল্যাণ পতেঙ্গা থানা সভাপতি মোহাম্মদ মঈন উদ্দিন ও বন্দর থানা সভাপতি মুজাহিদুল ইসলাম আদনান। সমাবেশে ইসলামী সংগীত পরিবেশন করেন জামায়াত নেতা ওসমান গনি ও ছাত্রশিবির নেতা জাহেদুল আলম জয়।