সিলেট নগরীতে পৃথক ঘটনায় দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে শাহপরান (র:) থানাধীন শিবগঞ্জ মজুমদার পাড়া থেকে তুহিন (২২) নামে এক কিশোরের ঝুলন্ত লাশ এবং বিকেল সাড়ে ৫টার দিকে দক্ষিণ সুরমা থানাধীন কদমতলী বাস টার্মিনাল এলাকা থেকে দুলাল মিয়া (৪৬) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।

শাহপরানে কিশোরের ঝুলন্ত লাশ :
শিবগঞ্জ মজুমদার পাড়া এলাকার জসিম মিয়ার কলোনির একটি ভাড়া বাসা থেকে তুহিনের লাশ উদ্ধার করা হয়। তিনি জকিগঞ্জ থানাধীন থানাবাজার ইউনিয়নের মুমিনপুর এলাকার আব্দুল মালিকের ছেলে। বর্তমানে স্ত্রীকে নিয়ে ওই কলোনিতে বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে তুহিনের স্ত্রী বাসায় ফিরে ঘরের ভেতর স্বামীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশকে খবর দেয়া হলে শাহপরান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এর সত্যতা নিশ্চিত করে এসএমপির শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

কদমতলীতে লাশ উদ্ধার :
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে কদমতলী বাস টার্মিনাল এলাকায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে কদমতলী পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পান। পরে লাশ উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তির নাম দুলাল মিয়া (৪৬)। তিনি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার খিদিরপুর গ্রামের মরহুম আব্দুল হাইয়ের ছেলে।

কদমতলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ মফিজুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তি হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন। তার পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা চলছে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিতে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।