সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ দুই ডাকাতকে আটক করেছে মোংলা জোনের কোস্টগার্ড। এ সময় তাদের কাছ থাকা তিনটি একনলা বন্দুক, ১০ রাউন্ড তাজা কার্তুজ, পাঁচ রাউন্ড ফাঁকা কার্তুজ এবং অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

আজ বুধবার সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন।

‎আটক ডাকতরা হলেন- মো: বাদশা গাজী (৪৫) ও মেহেদী হাসান (২৭)। তারা খুলনা জেলার পাইকগাছা থানার বাসিন্দা বলে জানা গেছে।

সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি গতকাল মঙ্গলবার সুন্দরবনের দস্যু আসাবুর বাহিনীর সদস্যরা ডাকাতির উদ্দেশ্যে সুন্দরবনের শিবসা নদী সংলগ্ন শরবতখালী এলাকায় যাবে। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করে। তখন কোস্টগার্ড সদস্যরা দুই রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে। পরে ওই এলাকা তল্লাশি করে তিনটি একনলা বন্দুক, ১০ রাউন্ড তাজা কার্তুজ, পাঁচ রাউন্ড ফাঁকা কার্তুজ এবং অস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ সুন্দরবনের কুখ্যাত ডাকাত আসাবুর বাহিনীর দুই সহযোগীকে আটক করে। আটককৃত ডাকাত ও উদ্ধারকৃত অস্ত্র পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ‎সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও জানান তিনি। সূত্র : বাসস