নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে ৩৯ জন যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার বিকেল পৌনে ৪টার দিকে ভাসানচর থেকে করিমবাজার উদ্দেশে যাওয়ার পথে ট্রলারটি দুর্ঘটনার কবলে পড়ে।

জানা গেছে, স্থানীয় জেলে, কোস্টগার্ড ও নৌ-পুলিশের সহায়তায় ৩২ জনকে জীবিত ও দু’জনের লাশ উদ্ধার করা গেলেও, এখনো পাঁচজন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে ভাসানচর থানায় কর্মরত এক পুলিশ সদস্যও রয়েছেন।

জানা যায়, হাতিয়ার ভাষানচর থেকে হরণি ইউনিয়নের করিম বাজার ঘাটের উদ্দেশে দুপুর ২টায় একটি ট্রলার ৩৯ জন যাত্রী নিয়ে যাত্রা শুরু করে। ট্রলারটি করিম বাজার থেকে এক কিলোমিটার দূরে পৌঁছালে বৈরী আবহাওয়া ও মেঘনার উত্তাল ঢেউয়ের কবলে পড়ে সেখানেই ডুবে যায়।

আরো জানা গেছে, ট্রলারে থাকা অসুস্থ রোহিঙ্গা নাগরিক, ৩ পুলিশ সদস্য ও এনজিও প্রতিনিধিসহ ৩৯ জনের মধ্যে এখন পর্যন্ত ৩২ জনকে উদ্ধার করা হয়েছে। এছাড়া দু’জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ পুলিশ সদস্য হলেন- নায়েক সাইফুল ইসলাম।

নোয়াখালী পুলিশ সুপার মো: আব্দুল্লাহ আল ফারুক ট্রলারডুবি ও নিখোঁজের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক কোস্টগার্ড নৌ-পুলিশ ও স্থানীয় জেলেরা এখন পর্যন্ত ৩২ জনকে জীবিত ও দু’জনের লাশ উদ্ধার করেছে। বাকি পাঁচজনকে উদ্ধার করতে উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।

সূত্র : বাসস