সারাদেশ

কুরআনের আলোকে সমাজ ও রাষ্ট্র পরিচালনা করতে হবে : শিবির সেক্রেটারি

কুরআনের আলোকে সমাজ ও রাষ্ট্র পরিচালনা করতে হবে : শিবির সেক্রেটারি
ইফতার মাহফিলে বক্তব্য রাখছেন নুরুল ইসলাম সাদ্দাম

‘‘আপনাদের শুধু কোরআন তেলাওয়াত করলে চলবে না, কোরআন বুঝে তেলাওয়াত করার উপর গুরুত্ব দিতে হবে। কোরআন তেলাওয়াত বা ঝাড়ফুক এর মধ্যে রাখলে চলবে না। এই কোরআন দিয়ে সমাজ, সংস্কৃতি তথা রাষ্ট্র পরিচালনা করতে হবে।’’

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, কুরআন শুধু ঝাড়ফুঁক দেয়ার জন্য আসেনি; কুরআনের আলোকে সমাজ ও রাষ্ট্র পরিচালনা করতে হবে।

মঙ্গলবার (১৮ মার্চ) নারায়ণগঞ্জ মহানগর ইসলামী ছাত্রশিবির আয়োজিত বদর দিবস উপলক্ষে আলোচনা সভা ও হাফেজে কুরআন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিবির সেক্রেটারি বলেন, আজকে ইসলামি ছাত্রশিবির যে আয়োজন করেছে তা প্রশংসার দাবি রাখে। হাফেজ ছাত্রদের উদ্দেশ্যে তিনি বলেন, হাফেজ হওয়া কোনো চাট্টিখানি ব্যাপার না। আল্লাহ যাকে মনোনীত করেছেন তিনিই হাফেজ হয়েছেন।

তিনি আরো বলেন, আপনাদের শুধু কোরআন তেলাওয়াত করলে চলবে না, কোরআন বুঝে তেলাওয়াত করার উপর গুরুত্ব দিতে হবে। কোরআন তেলাওয়াত বা ঝাড়ফুক এর মধ্যে রাখলে চলবে না। এই কোরআন দিয়ে সমাজ, সংস্কৃতি তথা রাষ্ট্র পরিচালনা করতে হবে।

তিনি বলেন, এ জাতীয় সংবর্ধনায় ফ্যাসিবাদের আমলে কোরআনকে প্রমোট করা হয়নি, বরং কোরআনকে লাঞ্ছিত করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামীন আমাদের ওই অবস্থা থেকে মুক্তি দিয়েছেন। ইসলামী ছাত্রশিবির বাংলাদেশের জন্য সম্পদ তৈরি করতে চায় যারা দেশ, জাতি এবং উম্মাহ'র কল্যাণ তৈরি করবে, সমৃদ্ধির একটি পথ দেখাবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমদ, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমির মুহাম্মদ আবদুল জব্বার।

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রশিবির সভাপতি হাফেজ ইসমাইলের সভাপতিত্বে সেক্রেটারি অমিত হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে মহানগরের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।