‘পরিস্থিতি স্বাভাবিক’ হয়ে আসায় ভারতের মিজোরামে চলে যাওয়া বম সম্প্রদায়ের লোকজনদের ফিরে আসার আহ্বান জানিয়ে সেনাবাহিনীর বান্দরবান রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রিজওয়ান বলেছেন, ‘ফিরে আসা বম সম্প্রদায়কে রিজিয়ন থেকে সব ধরনের সহায়তা দেয়া হবে।’

সোমবার (২ জুন) বান্দরবান সেনানিবাসে জেলার গণমাধ্যমকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মতবিনিময় সভায় রিজিয়নের কর্মকর্তা জিএসও ২ মেজর পারভেজ রহমান, জিএসও ৩ ক্যাপ্টেন ইশতিয়াক মুহাম্মদ ইরফানসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

পাহাড়ে নতুন গজিয়ে ওঠা সশস্ত্র সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সন্ত্রাসী তৎপরতা সম্পর্কে বলতে গিয়ে রিজিয়ন কমান্ডার জানান- ব্যাংক ডাকাতি, নিরাপত্তা বাহিনীর উপর হামলা, চাঁদাবাজি অপহরণসহ নানা অপরাধে জড়িত এই সশস্ত্র সংগঠনটি। এদেরকে নানাভাবে সাহায্য ও সহযোগিতা দিয়েছিল বম সম্প্রদায় অধ্যুষিত বিভিন্ন দুর্গম পাড়ার লোকজন। যে কারণে বিভিন্ন পাড়া থেকে অপরাধী ও তাদের সহায়তাকারীদের অভিযানে ধরা হয়েছিল। এ সময়ে অনেকেই ভয়ে আতঙ্কে এলাকা ছেড়ে পাশের দেশের মিজোরামে গিয়ে আশ্রয় নেয়। এ ছাড়া দুর্গম পাহাড়ের বিভিন্ন এলাকায় তারা আত্মগোপনে চলে যায়। তবে এখন এলাকায় সন্ত্রাসী তৎপরতা না থাকায় এবং পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসায় তারা যাতে নিশ্চিন্তে এলাকায় ফিরে আসতে পারে সে আহ্বান জানানো হচ্ছে এবং তাদের সব ধরনের সহায়তাও দেয়া হবে।

ইতিমধ্যে মিজোরাম ও বিভিন্ন এলাকা থেকে বম সম্প্রদায়ের শতাধিক লোকজন নিজ নিজ এলাকায় ফিরে এসেছেন বলে সাংবাদিকদের জানান রিজিয়ন কমান্ডার। এখনো যারা এলাকার বাইরে রয়ে গেছে তারা যাতে ফিরে আসতে পারে সেজন্য নিরাপত্তা বাহিনীর থেকে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।

মত বিনিময় সভায় রিজিয়ন কমান্ডার এলাকায় চাঁদাবাজি বন্ধ ও শান্তির শৃঙ্খলা ফিরিয়ে আনতে অভিযান পরিচালনার পাশাপাশি ব্যবস্থা নেয়ার কথাও জানান।

পাহাড়ের দুর্গম এলাকায় প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে উল্লেখ করে রিজিয়ন কমান্ডার বলেন, ‘সাধারণ মানুষ যাতে কোনোভাবে কষ্টে না থাকে সেদিকে লক্ষ রেখে সেনাবাহিনী নানা ধরনের উদ্যোগ নিয়েছে।’

এলাকায় শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় গণমাধ্যমকর্মীদের এগিয়ে আসার আহ্বান জানান রিজিয়ন কমান্ডার।

উল্লেখ্য, ২০২২ সালে বান্দরবানে বম সম্প্রদায়ের সশস্ত্র সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) তৎপরতা শুরু করে। পরে এরা রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতির ঘটনা ঘটায় ও নিরাপত্তা বাহিনীর উপর হামলা চালায়। সন্ত্রাসবিরোধী অভিযানে এ পর্যন্ত সেনাবাহিনীর সাত সদস্যসহ ২৫ জনেরও বেশি লোক মারা যায়। অভিযানে এ পর্যন্ত সশস্ত্র এই সংগঠনটির সাথে জড়িত একশ’র বেশি নারী-পুরুষকে গ্রেফতার করা হয়।