বন্দর (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় রনি (৩০) নামের এক সন্ত্রাসীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার (৬ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ১ নম্বর মাধবপাশা সেনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রনি বন্দরের ১ নম্বর মাধবপাশা এলাকার ছলিমউদ্দিন ওরফে ছৈল্লার ছেলে। রনি একজন মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও শীর্ষ সন্ত্রাসী বলে স্থানীয়রা জানান।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, রনি একজন মাদক ব্যবসায়ী ও দুর্ধর্ষ চাঁদাবাজ। তার চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ডে এলাকার মানুষ অতিষ্ঠ। কিছু দিন সে পুলিশের সোর্স হিসেবেও কাজ করে। তাকে গ্রেফতারের দাবিতে সম্প্রতি মাধবপাশা, সেনপাড়াসহ আশপাশের পাঁচ গ্রামের মানুষ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। এরপর গা-ঢাকা দেয় রনি।
রোববার এলাকায় ফিরে এসে মাসুদ মিয়ার ছেলে রাসেলকে মারধর করে রনি। এর জের ধরে বিকেল সাড়ে ৫ টার দিকে মাধবপাশার হাজী নূর বক্স রোডে রনিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়।
ঘটনার সত্যতা স্বীকার করে বন্দর থানার ওসি তরিকুল ইসলাম জানান, স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় রনিকে হাসপাতালে নিয়ে যায়। সেখাানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮ টার দিকে তার মৃত্যু হয়। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।











