ঠাকুরগাঁও প্রতিনিধি

আসন্ন সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেন বলেছেন, ‘আগামী সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের আগামী দিনের ভাগ্য নির্ধারণ হবে। দেশ কোন পথে পরিচালিত হবে, দেশপ্রেমিক ইসলামী মূল্যবোধ ও জাতীয়তাবাদ শক্তির হাত ধরে নাকি দেশ বিরোধী ফ্যাসিস্ট ও তাদের দোষরদের মাধ্যমে।’

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে জামায়াতের ঠাকুরগাঁও শহর শাখা আয়োজিত সংসদ নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্র কমিটির সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দেলাওয়ার হোসেন বলেন, ‘দীর্ঘ ১৬ বছর দেশের মানুষ বিদেশী শক্তি প্রভাবিত আওয়ামী ফ্যাসিস্টদের হাতে জিম্মি ছিল। জুলাই আগস্টের আন্দোলনের মাধ্যমে দেশের ছাত্র-জনতা তাদের জীবন উৎস্বর্গ করে দেশকে মুক্ত করেছে। তাদের যে লক্ষ, যে স্বপ্ন-আকাঙ্খা ছিল তা পূরণ করার দায়িত্ব আমাদের সকলের। আগামী সংসদ নির্বাচনে দেশ প্রেমিক ইসলামী মূল্যবোধ সম্পন্ন ব্যক্তিদের নির্বাচিত করে জুলাই শহীদ ও আহতদের ত্যাগের প্রতি সম্মান জানাতে হবে। কারণ তাদের এই বিশাল ত্যাগ ব্যতীত আমরা আওয়ামী জালিমের কারাগার থেকে মুক্ত হতে পারতাম না।’

ছাত্রশিবিরের সাবেক এই কেন্দ্রীয় সভাপতি আরো বলেন, ‘স্বাধীনতা পরবর্তী সময়ে অনেক দলকে এদেশের মানুষ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছিল, কিন্তু সরকারে গিয়ে সবাই নিজেদের উন্নয়ন নিয়ে ব্যস্ত থাকে। দেশের সাধারণ মানুষের কথা তারা ভাবে না। তাদের শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, কর্মসংস্থান নিয়ে কেউ ভাবে না। এমপি মন্ত্রীদের উন্নয়ন ঠিকই হয়, কিন্তু তাদের এলাকার সাধারণ মানুষের উন্নয়ন ঘটে না। আগামীতে যদি দেশের মানুষ জামায়াতে ইসলামীকে দেশ পরিচালনার সুযোগ দেয়, তাহলে আমরা তাদের সেবক হয়ে কাজ করতে চাই, শাসক হয়ে নয়।’

কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আগামী দিনে আপনারা যারা ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করবেন, তারা মনে রাখবেন, ভোট হচ্ছে আমানত। জনগণ তাদের আমানত ভোট কেন্দ্রে জমা দিয়ে যাবে, তা পাহারা দেয়ার দায়িত্ব আপনাদের। কোনো অবস্থাতেই এ দায়িত্বে অবহেলা করা যাবে না। ভোট গ্রহণ থেকে শুরু করে, গণনা ও ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত কোনো অবস্থাতেই কেন্দ্র ছাড়া যাবে না। যত বাধা বিপত্তি আসুক দায়িত্বে অটল থাকতে হবে।’

ঠাকুরগাঁও শহর জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা শামসুজ্জামান শাহ শামীমের সভাপতিত্বে প্রশিক্ষণ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সাবেক ঠাকুরগাঁও জেলা আমির মাওলানা আব্দুল হাকিম, বর্তমান জেলা আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, জেলা সেক্রেটারি মোহাম্মদ আলমগীর, সহকারি জেলা সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দিন আহাম্মদ প্রমুখ।