নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার একটি মাদরাসা থেকে শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে আলী হোসেন তাহসিন (১১) নামে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পশ্চিম করালিয়া গ্রামের কালা কাজীর বাড়ির মো: নুর টিপুর ছেলে তাহসিন। সে দারুল উলুম অ্যাকাডেমি মাদরাসার আবাসিক শিক্ষার্থী ছিল। গত ৮দিন ঈদের ছুটি শেষে মাদরাসায় আসে তাহসিন। বৃহস্পতিবার রাতে প্রতিদিনের ন্যায় হিফজ পড়া শেষে সে ঘুমিয়ে যায়। শুক্রবার ভোররাতের দিকে সহপাঠীরা ও শিক্ষক তাকে পড়ার জন্য ডাকে। ওই তার কোনো সাড়া শব্দ না পেয়ে মুখে পানি ছিটায় তারা। তারপরও তাহসিনের নিথর দেহ পড়ে থাকতে দেখে। পরবর্তীতে দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নুরুল হাকিম বলেন, প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। তবে নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ণ নেই। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।








