দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, ‘তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য সরকার প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নিচ্ছে। ২০২৭ সালে এ পরিকল্পনার আনুষ্ঠানিক কাজ শুরু করা যাবে বলে আশা করা হচ্ছে।’
শনিবার (১২ সেপ্টেম্বর) লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ এসসি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নারীদের সক্ষমতা বৃদ্ধি, খেলাধুলার মানোন্নয়ন ও আলোকিত লালমনিরহাট গড়ার লক্ষ্যে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আসাদুল হাবিব দুলু বলেন, ‘তিস্তা নদীকে ঘিরে দীর্ঘদিন যেসব সমস্যা রয়েছে, মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে সেগুলোর সমাধানে কার্যকর উদ্যোগ নেয়া সম্ভব হবে।’
তিনি আরো বলেন, ‘মাদক ও জুয়ার বিস্তার রোধের পাশাপাশি বাল্যবিবাহ ও যৌতুক বন্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’
এ সময় নারীদের মধ্যে ১১টি সেলাই মেশিন ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলার সামগ্রী দেয়া হয়। একই অনুষ্ঠানে বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৭৫০ পরিবারের প্রত্যেককে ২০ কেজি করে জিআর চাল দেয়া হয়।








