মুন্সীগঞ্জের গজারিয়া ফেরীঘাটে মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজের আড়াই ঘণ্টা পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার চর কিশোরগঞ্জের কাছে ফেরিঘাট সংলগ্ন নদী থেকে লাশটি উদ্ধার করা হয় বলে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক সফিকুল ইসলাম জানান।

নারায়ণগঞ্জের কুড়েরপাড় এলাকার জাকির হোসেনের ছেলে নিহত ইমাম হোসেন নয়ন (২৬)। তিন ভাইয়ের মধ্যে সবার ছোট নয়ন পড়াশোনার পাশাপাশি এশিয়া টেক নামে একটি কোম্পানিতে চাকরি করতো।

মৃতের পরিবারের বরাত দিয়ে ফায়ার সার্ভিস জানায়, নয়ন ছুটির দিনে সহকর্মীদের সাথে বেড়াতে যান মিনি কক্সবাজার হিসেবে পরিচিত নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার চর কিশোরগঞ্জে।

দুপুরে সেখানে ছয় বন্ধু এক সাথে গোসল করতে নেমে হঠাৎ নিখোঁজ হন নয়ন। সাথে থাকা বন্ধুরা ৯৯৯ কল করে সাহায্য চান। স্বজনরাও এমন খবর পেয়ে ছুটে আসেন।

নিখোঁজের আড়াই ঘণ্টার পর আশপাশের এলাকা থেকেই লাশটি উদ্ধার করা হয়।