মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে গোসল করতে নেমে ফারুক হোসেন (২০) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন।
বুধবার (২ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে মেঘনা নদীর গজারিয়া অংশের ততৈতলা এলাকায় বন্ধুদের সাথে গোসল করতে পানিতে নেমে তিনি নিখোঁজ হন।
ফারুক হোসেন নারায়ণগঞ্জের সানারপাড় এলাকার আতিক হোসেনের ছেলে। তিনি নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করে ভার্সিটিতে ভর্তি হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানা গেছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও নিখোঁজ ফারুক হোসেনের বন্ধু জহিরুল ইসলাম বলেন, বুধবার (২ এপ্রিল) আমরা ২২ জন এখানে বেড়াতে আসি। দুপুর আড়াইটার দিকে আমার এখানে এসে উপস্থিত হই। বিকেল সাড়ে ৪টার দিকে নিখোঁজ ফারুক, আমিসহ ছয়জন গোসল করার জন্য পানিতে নামি। আমরা পাঁচজন গোসল করে উপরে উঠে যাওয়ার সময় ফারুক আরো কিছুক্ষণ পানিতে থাকার ইচ্ছাপোষণ করে। পানিতে ডুব দিয়ে সে দীর্ঘক্ষণ উপরে না উঠলে বিষয়টি আমাদের সন্দেহ হয়। আমরা তাকে খোঁজাখুঁজি শুরু করি। তার খোঁজ না পাওয়া গেলে পরবর্তীতে বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়।
বিষয়টি সম্পর্কে ফায়ার সার্ভিসের ডুবরি আবুল খায়ের বলেন, ‘খবর পেয়ে বিকেল সাড়ে ৫টার দিকে আমরা ঘটনাস্থলে এসে তাকে খোঁজাখুঁজি শুরু করি। এখন পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।’
বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো: আনোয়ার আলম আজাদ বলেন, এরকম একটি খবর আমি পেয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি নৌ পুলিশকে জানানো হয়েছে।





