কক্সবাজারের চকরিয়ায় একটি ভাড়া বাসায় চুরি করার পর এক পুলিশ সদস্যের স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় চকরিয়া থানায় একটি মামলা হয়েছে।

বুধবার (১৬ জুলাই) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শফিকুল ইসলাম। এর আগে, সোমবার (১৪ জুলাই) গভীর রাতে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, ট্যুরিস্ট পুলিশে কর্মরত এক কনস্টেবলের স্ত্রী ও সন্তানরা বাসায় অবস্থান করছিলেন। রাত আনুমানিক ৩টার দিকে অজ্ঞাত পরিচয়ের এক যুবক ধারাল দা ও টর্চলাইট নিয়ে রান্নাঘরের জানালা দিয়ে বাসায় ঢুকে পড়ে। বাসায় ঢুকেই সে প্রথমে ভয়ভীতি দেখিয়ে কনস্টেবলের স্ত্রীর ব্যবহৃত দু’টি মোবাইল ফোন ও কিছু নগদ টাকা ছিনিয়ে নেয়। এরপর রান্নাঘরে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে। ঘটনার সময় ঘরে থাকা তার দুই শিশু সন্তান আতঙ্কে কেঁদে ওঠে। চিৎকার ও কান্নাকাটি শুনে পাশের ভাড়াটিয়ারা ছুটে এসে বিষয়টি জানতে পারে। পরে পুলিশ সদস্য নিজ কর্মস্থল থেকে ফিরে স্ত্রীকে নিয়ে থানায় যান এবং চকরিয়া থানায় নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, চুরি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মামলা দায়ের করেন।

চকরিয়া থানার ওসি মো: শফিকুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পরপরই তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তকে শনাক্ত ও গ্রেফতারে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে।