ঢাকায় জাতীয় সমাবেশ সফল করার লক্ষে নারায়ণগঞ্জ শহরে বিশাল শোডাউন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার (১৮ জুলাই) বাদ জুমা চাষাড়া মিশন পাড়া থেকে হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে জাতীয় সমাবেশ সফল করার লক্ষে এ শোডাউন করে।
নারায়ণগঞ্জ মহানগর আমির মাওলানা আবদুল জব্বারের সভাপতিত্বে ওই মিছিল ও সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মইনুদ্দিন আহমাদ।
এছাড়া মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মনোয়ার হোসাইনের পরিচালনায় মহানগরীর নায়েবে আমির মাওলানা আব্দুল কাইয়ুম, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি জামাল হোসেন, এইচ এম নাসির উদ্দিন, মহানগর কর্মপরিষদ সদস্যসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মাওলানা মইনুদ্দীন আহমাদ বলেন, এদেশে কোরআনের আইন প্রতিষ্ঠা ব্যতীত কখনো শান্তি আসতে পারে না। তাই আগামী নির্বাচনে কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ সময় সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করে সকল দলের অংশগ্রহণমূলক সুন্দর নির্বাচনের ব্যবস্থা করতে হবে।
মহানগর জামায়াতের আমির মাওলানা আবদুল জব্বার বলেন, জুলাই বিপ্লবের মূল চেতনাকে ধারণ করে সকল ভেদাভেদ ভুলে গিয়ে যেমনিভাবে আমরা বিপ্লব ছিনিয়ে নিয়েছি, জীবন দিয়েছি ঠিক তেমনিভাবে আগামী দিনে সকল অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই করে শান্তিকামী মানুষের অধিকার নিশ্চিত করব।
আবদুল জব্বার আরো বলেন, আগামীকাল ১৯ জুলাই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশের সাত দফা কর্মসূচি রয়েছে। আমরা মনে করি, সাত দফা বাস্তবায়ন হলেই এদেশের মানুষ আর কোনো ফ্যাসিবাদের নির্যাতনের শিকার হবে না। নতুন কোনো ফ্যাসিজম প্রতিষ্ঠা হবে না, চাঁদাবাজ- দখলবাজ, কোনো সন্ত্রাস এসে মানুষের উপর জুলুম করতে পারবে না।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, জাতীয় সমাবেশে সর্বোচ্চ জনশক্তি নিয়ে স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণ করব, ইনশা-আল্লাহ।
সমাবেশে যোগ দিতে লোকজন গাড়িতে যাবে, ট্রেনে যাবে, লঞ্চে যাবে আর যদি তা না পায় প্রয়োজনে পায়ে হেঁটে উপস্থিত হবে। আমরা মনে করি, জাতির এই ক্রান্তিলগ্নে আগামীকালের জামায়াতের সমাবেশ এক ঐতিহাসিক ভূমিকা পালন করবে।








