রাজশাহী ব্যুরো ও বাঘা সংবাদদাতা
রাজশাহীর বাঘা উপজেলায় বসতবাড়িতে অভিযান চালিয়ে দু’টি বিদেশী পিস্তল, তিনটি ম্যাগাজিন ও সাত রাউন্ড গুলি উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় রোজিনা খাতুন (৪৫) নামে এক নারীকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে বাঘা উপজেলার আলাইপুর (নাপিতপাড়া) গ্রামে এ অভিযান চালানো হয়।
রাজশাহী জেলা ডিবির পুলিশ পরিদর্শক মো: মোমিনুল হাসানের নেতৃত্বে এসআই মো: স্বপন হোসেনসহ ডিবির একটি দল অভিযানটি পরিচালনা করেন।
ডিবি পুলিশ জানায়, মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, আলাইপুর (নাপিতপাড়া) গ্রামের রোজিনা খাতুনের বসতবাড়িতে অবৈধ অস্ত্র ও গুলি মজুত রয়েছে। এ সংবাদের ভিত্তিতে রাত ৮টার দিকে ওই বাড়িতে অভিযান চালানো হয়।
ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে রোজিনা খাতুন পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার শয়নকক্ষে বিধি অনুযায়ী তল্লাশি চালিয়ে খাটের নিচে সাদা পলিথিনে মোড়ানো একটি শপিং ব্যাগ পাওয়া যায়। ওই ব্যাগের ভেতর থেকে দুটি বিদেশি পিস্তল, তিনটি খালি ম্যাগাজিন ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এ সময় রোজিনা খাতুনকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হলেও তার স্বামী রুবেল হোসেন কৌশলে পালিয়ে যান। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতার রোজিনা খাতুন আলাইপুর (নাপিতপাড়া) গ্রামের মো: আলতাব হোসেনের মেয়ে। তার স্বামী রুবেল হোসেন একই এলাকার মরহুম আব্দুস সামাদের ছেলে।
পুলিশের তথ্য অনুযায়ী, রোজিনা খাতুনের বিরুদ্ধে বাঘা থানায় একটি মামলা রয়েছে। এছাড়া রুবেল হোসেনের বিরুদ্ধে রাজশাহীর বিভিন্ন থানায় ১৩টি, নরসিংদীতে একটি ও কুষ্টিয়ায় একটি মামলা রয়েছে।
এ ঘটনায় গ্রেফতার রোজিনা খাতুন ও পলাতক রুবেল হোসেনের বিরুদ্ধে বাঘা থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।








