নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা
কুড়িগ্রামের নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়ে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।

আজ রোববার (২৩ আগস্ট) সকালে উপজেলার দক্ষিণ ব্যাপারীহাট এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকাল ৭টার দিকে লাশের সন্ধান পাওয়া যায়। পরে লোকজন থানায় খবর দিলে নাগেশ্বরী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন।

স্থানীয়রা ধারণা করছেন, অন্য কোথাও তাকে হত্যা করে দুর্বৃত্তরা লাশটি এই ডোবায় এনে ফেলতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর আসল কারণ নিশ্চিত করে বলা সম্ভব নয় বলে তাদের ধারণা।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেছে। নিহতের পরিচয় শনাক্তের জন্য আশেপাশের থানায় বার্তা পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।