চট্টগ্রামের পটিয়ায় বাড়ির পাশে পুকুর পাড় থেকে উজ্জ্বল দে (৫৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৩১ মে) উপজেলার দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের কৃষ্ণ মহাজনের বাড়ির পিছনের একটি পুকুর পাড়ের বাথরুমের পাশ থেকে এ লাশ উদ্ধার করা হয়।

নিহত উজ্জ্বল ওই এলাকার পরলোকগত গোপাল দে’র ছেলে।

ধারণা করা হচ্ছে, পরকীয়া সম্পর্কের জেরে সম্ভবত তাকে হত্যা করা হতে পারে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আটক হওয়া স্বামী-স্ত্রী উজ্জ্বলের দূর সম্পর্কের দেবর-ভাবী বলে জানা গেছে।

পটিয়া থানার পুলিশ পরিদর্শক আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ওই ব্যক্তির মৃত্যুর বিষয়টি আরো গভীরভাবে তদন্ত করে দেখা হচ্ছে।’

তিনি জানান, এখনো এ ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি।