নোয়াখালীর কোম্পানীগঞ্জ থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ জুলাই) বেলা ২টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের ক্লোজার এলাকার বামনী নদীর পাড় সংলগ্ন কচ্ছপদের খামারের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, উপজেলার মুছাপুর ক্লোজার এলাকার বামনী নদীর পাড়ের ব্লকের ওপর পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ কল দিয়ে বিষয়টি পুলিশকে অবহিত করে। তার গায়ে লাল টি-শার্ট ও পরনে সাদা পায়জামা ছিল। খবর পেয়ে পুলিশ বেলা সাড়ে ১১টার দিকে বামনী নদী পাড় সংলগ্ন কচ্ছপদের খামারের পাশ থেকে লাশটি উদ্ধার করে।

নিহত যুবকের শরীর ফুলে যাওয়ায় ধারণা করা হচ্ছে, তিনি ৪-৫ দিন আগে মারা গেছেন। তবে প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) বিমল কর্মকার বলেন, ‘নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পুলিশ কাজ করছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’