চট্টগ্রামের মিরসরাইয়ে পুকুরের পানিতে ডুবে মোশাররফ হোসেন (৪০) নামে এক মানসিক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে মিরসরাই সদর ইউনিয়নের মান্দারবাড়ীয়া এলাকায় এ ঘটনা ঘটে।

মোশাররফ হোসেন মিরসরাই সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মান্দারবাড়ীয়া এলাকার ইউসুফ আলী মিস্ত্রি বাড়ির মরহুম শামসুল হকের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে মোশাররফ হোসেন তার ভাতিজার সাথে পুকুরে গোসল করতে যায়। পুকুরে গোসল করার সময় মোশাররফ সাঁতার কেটে মধ্যখানে চলে যায়। ভাতিজা গোসল করে বাড়িতে চলে যায়। ১ থেকে ২ ঘণ্টা পর চাচা মোশাররফ হোসেনকে কোথাও না দেখে আবার খুঁজতে শুরু করেন। এক পর্যায়ে পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরিবারের দাবি তার মানসিক প্রতিবন্ধিতার পাশাপাশি মৃগীরোগও ছিল। আজ বাদ মাগরিব জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

মিরসরাই সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নুর উদ্দিন বলেন, ‘মোশাররফ হোসেন মানসিক প্রতিবন্ধী ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি মোশাররফ পানিতে ডুবে মারা গেছে। আমাকে কেউ জানায়নি। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।’