রাজশাহীতে মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনায় পড়ে গ্রেফতার হয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক কাউন্সিলর রেজাউন-নবী আল মামুন (৫৫)। এছাড়া তার নামে এর আগে আটটি মামলা রয়েছে। এসব মামলায় তিনি পলাতক আসামি ছিলেন।
শনিবার (৯ আগস্ট) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে শুক্রবার (৮ আগস্ট) রাত ১০টার দিকে নগরীর তালাইমারি মোড়ে রাস্তার আইল্যান্ডে গাড়ি তুলে দিলে তাকে গ্রেফতার করে র্যাব।
গ্রেফতার রাজশাহী সিটি করপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের সাবেক এ কাউন্সিলর নগরীর দড়িখড়বোনা এলাকার বাসিন্দা। এছাড়া তিনি ডিশ ব্যবসায়ের সাথে জড়িত।
জানা যায়, গতকাল রাতে মদ্যপ অবস্থায় বেপরোয়া গতিতে প্রাইভেট কার চালিয়ে যাচ্ছিলেন মামুন। এ সময় তালাইমারি মোড়ে হঠাৎ রাস্তার পাশে থাকা আইল্যান্ডে গাড়ি তুলে দেন তিনি। আশপাশের সাধারণ মানুষের দিকেও তিনি গাড়ি চালিয়ে দেয়ার চেষ্টা করেন। পরে উপস্থিত জনতা ক্ষুব্ধ হয়ে গাড়িটি ঘিরে ফেলেন এবং ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এদিকে খবর পেয়ে র্যাব-৫-এর একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মামুনকে হেফাজতে নেয়। পরে তল্লাশির সময় তার ব্যাগ থেকে ছয়টি ইয়াবা, এক পুরিয়া গাঁজা, নগদ ৩০ হাজার টাকা ও তিনটি মোবাইলফোন জব্দ করে। পরে জিজ্ঞাসাবাদে তিনি মাদক সেবনের কথা স্বীকার করেন।
র্যাব জানায়, সাবেক কাউন্সিলর মামুনের বিরুদ্ধে আটটি মামলা রয়েছে এবং এসব মামলায় তিনি পলাতক ছিলেন। তার বিরুদ্ধে নতুন করে রাতেই নগরীর মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে। শনিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।








