প্রান্তিক পর্যায়ে ফুটবল খেলার মানোন্নয়ন ও বিভিন্ন জাতি-গোষ্ঠীর মধ্যে সম্প্রীতির বন্ধন বাড়াতে বান্দরবান স্টেডিয়ামে শুরু হয়েছে সেনা রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্ট।

মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় বান্দরবান স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন সেনাবাহিনীর বান্দরবান সদর জোনের অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপঅধিনায়ক মেজর নাফিউ সিদ্দিকী নোমান, রোয়াংছড়ি ক্যাম্পের অধিনায়ক মেজর ইয়াসিন আজিজ, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম, বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সম্মিলিত ক্রীড়া পরিষদের সভাপতি আজহারুল ইসলাম বাবুল প্রমুখ।

উদ্বোধনী খেলায় কুহালং একাদশ ১-০ গোলে সাঙ্গু বয়েজকে পরাজিত করে। টুর্নামেন্টটিতে স্থানীয় পর্যায়ের মোট ১০টি দল অংশ নেয়।

এর আগে রোয়াংছড়ি উপজেলায় এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়। পর্যায়ক্রমে অন্যান্য উপজেলায় এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।