মাদারীপুরে পুকুরের পানিতে ডুবে জারিপ হাওলাদার নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (১০ আগস্ট) দুপুরে সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের উত্তর মহিষেরচর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জারিপ একই এলাকার সিরাজ হাওলাদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা ১২টার দিকে জারিপ বাড়ির কয়েকজন শিশুর সাথে উঠানে খেলা করছিল। এ সময় অসাবধানবশত শিশুটি পাশের পুকুরের পাড়ে গিয়ে দাঁড়ায়। হঠাৎ পুকুরের পানিতে তলিয়ে যায় সে। এ সময় অন্য শিশুরা জারিপকে পুকুরের পানিতে ডুবতে দেখে আশেপাশের লোকজনদের দ্রুত ডেকে আনে। পরে পুকুরে তল্লাশি চালিয়ে স্থানীয় লোকজন শিশুকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, ‘পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’








