লালমনিরহাটের কালীগঞ্জে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ইউসুফ আলী (৪০) নামে এক ক্লিনিক পরিচালককে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার (২৪ আগস্ট) ভোরে উপজেলার চাপারহাট চব্বিশ হাজার গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ইউসুফ আলী কালীগঞ্জ উপজেলার কাঞ্চনশর গ্রামের মরহুম আসমত আলীর ছেলে। তিনি স্থানীয় ‘নিউ রূপসী বাংলা’ ক্লিনিকের পরিচালক এবং ভুক্তভোগী ছাত্রীর প্রতিবেশী বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (২০ আগস্ট) ভুক্তভোগী ছাত্রীর ছয় মাস বয়সী ছোট ভাই অসুস্থ থাকায় তার মা চিকিৎসার জন্য লালমনিরহাটে যান। এ সময় ওই ছাত্রী বাড়িতে একা থাকার সুযোগে ইউসুফ আলী বাড়িতে প্রবেশ করে তাকে ধর্ষণ করেন বলে মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে। ছাত্রীর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যায়।

পরে ওই ছাত্রীর মা বাড়িতে ফিরে তাকে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে লালমনিরহাট সদর হাসপাতালে পাঠান।

এ ঘটনায় ভুক্তভোগীর মা কালীগঞ্জ থানায় ধর্ষণের মামলা করেন। মামলার পর থেকেই ইউসুফ আলী আত্মগোপনে ছিলেন।

র‌্যাব-১৩ গোপন সংবাদের ভিত্তিতে চাপারহাট চব্বিশ হাজার গ্রামের এরশাদ আলীর বাড়িতে অভিযান চালিয়ে ইউসুফ আলীকে গ্রেফতার করে। গ্রেফতার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, গ্রেফতার আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।