জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণ) হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘এনসিপি একটি নতুন রাজনৈতিক দল। এ দলের লক্ষ্য ক্ষমতায় যাওয়া নয়, জনগণের মৌলিক ক্ষমতা আদায় করা।’

রোববার (২৫ মে) সন্ধ্যায় চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌর সদরে তিনি এ কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আপনাদের সাথে নিয়ে জুলাইয়ের আন্দোলনে শহীদদের বিচার নিশ্চিত করেই ছাড়বো। যে সংবিধান সরকার নিজের নিয়ন্ত্রণে নিয়ে সাধারণ জনগণের ওপর গুলি চালায় সেই সংবিধান আমরা চাই না। সেই জন্য আগামীতে যে নির্বাচন হবে, সেটি হবে আইনসভা একই সাথে গণপরিষদ নির্বাচন।’

তিনি আরো বলেন, ‘জুলাই ঘোষণাপত্র আমাদের মুক্তির সনদ, অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণাপত্র জারি না করলে আমরা আবারো মাঠে নামবো। আওয়ামী লীগ সরকারের সময় যে নির্বাচনগুলো হয়েছে সেগুলো অবশ্যই অবৈধ ঘোষণা করতে হবে।’

এসময় দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ বলে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

সমাবেশে উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা: তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক, যুগ্ম মুখ্য সংগঠক ডা: মাহমুদা আলম মিতু, যুগ্ম মুখ্য সংগঠক মো: আতাউল্লাহ, সংগঠক আরমান হোসাইন, যুগ্ম আহ্বায়ক হাসান আলী প্রমূখ।

এর আগে এনসিপি প্রতিনিধি দলটি আনোয়ারা কর্ণফুলী বাঁশখালী আমিরাবাদ সাতকানিয়া কেরানিহাট,ও পরে ও বোয়ালখালী উপজেলায় পথসভা করেন ও সংগঠনের পক্ষ থেকে লিফলেট বিতরণ করেন।