সিলেটে ডেঙ্গুর সংক্রমণ ফের বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো তিনজনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। তবে ডেঙ্গুতে নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

রোববার (২৩ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা: মো: মাহবুবুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন।

স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ তথ্যমতে, গত দুই দিন ২১ ও ২২ আগস্ট সিলেট বিভাগে নতুন কোনো ডেঙ্গুরোগী শনাক্ত হয়নি। এর আগে ২০ আগস্ট পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছিল ১৬৪ জন। দুই দিন পর ২৩ আগস্ট নতুন করে তিনজন শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ১৬৭ জনে দাঁড়িয়েছে।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৩ আগস্ট পর্যন্ত সিলেট জেলায় ৩২ জন, সুনামগঞ্জে ৩৪ জন, হবিগঞ্জে ৭৬ জন এবং মৌলভীবাজারে ২০ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। এছাড়া বিভাগের বাইরে থেকে আসা আরো পাঁচজন রোগী সিলেটে চিকিৎসা নিয়েছেন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা ১৬৭ জন।

বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে আটজন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে নর্থ ইস্ট মেডিক্যাল হাসপাতাল সিলেটে একজন, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে দু’জন, সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে দু’জন, সদর হাসপাতাল হবিগঞ্জে দু’জন এবং লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন চিকিৎসাধীন রয়েছেন।

স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে আরো দেখা যায়, চলতি বছর সিলেট বিভাগে ডেঙ্গুতে এখন পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি সিলেট জেলার এবং সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

ডেঙ্গুরোগী শনাক্ত অব্যাহত থাকায় পরিস্থিতি পর্যবেক্ষণ করছে স্বাস্থ্য বিভাগ। এডিস মশার বংশবিস্তার রোধে বাড়িঘর ও আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংসের ওপর গুরুত্ব দেয়া হয়েছে। জ্বর, মাথাব্যথা, শরীর ব্যথাসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।