লালমনিরহাটে ডাম্পট্রাকের ধাক্কায় পুলিশের ভ্যানে থাকা ১৫ সদস্য আহত হয়েছেন। তাদের কয়েকজন অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এ ঘটনায় ট্রাকচালক সোহানকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ সোমবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে জেলার হাড়িভাঙ্গা মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, সকাল সাড়ে ৬টার দিকে লালমনিরহাট পুলিশ লাইন থেকে ১৫ জন পুলিশ সদস্যকে নিয়ে একটি ভ্যান সিন্দুরমতি মেলার উদ্দেশে রওনা করে।পুলিশবাহী ভ্যানটি শহরের হাড়িভাঙ্গা মাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির একটি ডাম্পট্রাক ধাক্কা দেয়। এতে পুলিশবাহী গাড়িটিতে থাকা ১৫ পুলিশ সদস্য আহত হন। তাদের মধ্যে গুরুতর আহত ছয়জনকে লালমনিরহাট সদর হাসপাতাল ও ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া বাকি তিন পুলিশ সদস্য প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া পুলিশ সদস্যরা হলেন এসআই রফিকুল ইসলাম, এএসআই মহেস, কনস্টেবল সাইফুল, মানিক, মোজাম্মেল, সবুজ। লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি হওয়া পুলিশ সদস্যরা হলেন কনস্টেবল নয়ন, জাফর (গাড়িচালক), শাহাদাৎ, লুৎফর, ইলিয়াস, মোস্তফা। আর প্রাথমিক চিকিসা নিয়েছে এসআই আবু বক্কর, নায়েক রাহিনুল, নায়েক শাখাওয়াত।
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরনবী বিষয়টি নিশ্চিত করেন।





