সিলেট জৈন্তাপুরের তামাবিল মহাসড়কে পাথরবোঝাই ট্রাকের চাপায় এক মোটরসাইকেলআরোহী নিহত হয়েছেন।
বুধবার (২৫ জুন) বেলা ৪টার দিকে হরিপুর পাখিটেকি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনোয়ার হোসেন (৩৫) বরিশাশের মুলদী থানার চর খলিফা গ্রামের তফাজ্জুল হক ব্যাপারীর ছেলে। তিনি সিলেটে এসিআই কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
এলাকাবাসী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, পাথরবোঝাই একটি ট্রাক সিলেট যাওয়ার পথে ওই মোটরসাইকেলটিকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই নিহত হন মোটরসাইকেলআরোহী।
তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করেছে পুলিশ।








