বিচার ও সংস্কার ছাড়া নির্বাচনে জনগণের প্রত্যাশা পূরণ হবে না মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, ‘প্রয়োজনীয় সংস্কার এবং গণহত্যাকারীদের দৃশ্যমান বিচার ছাড়া জনগণের কাঙ্ক্ষিত নির্বাচন হবে না। বাংলাদেশের মানুষ সংস্কার চায় এবং ফ্যাসিস্টদের বিচার চায়। গণহত্যাকারী আওয়ামী লীগের এদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই।
রোববার (২৭ এপ্রিল) রাতে চট্টগ্রামে আকবরশাহ থানা জামায়াতের সহযোগী সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
এ সময় আকবরশাহ থানা জামায়াতের আমির অধ্যক্ষ আবদুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমির ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী।
এছাড়া বিশেষ অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম মহানগরীর নায়েবে আমির পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ট্রাস্টি বোর্ডের সদস্য ও চট্টগ্রাম সীতাকুণ্ড-৪ আসনের জামায়াত মনোনীত প্রার্থী আনোয়ার ছিদ্দিক চৌধুরী, আল আমীন হাসপাতালের এম ডি ইউসুফ চৌধুরী, শ্রমিক নেতা মো: আলতাফ হোসেন ও ছাত্রনেতা সাইদুর রহমান।
এ সময় সমাবেশে সঞ্চালনা করেন থানা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম ও থানা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কাজী আফসার উদ্দিন শাহীন প্রমুখ।
প্রধান অতিথি মুহাম্মদ শাহজাহান বলেন, ‘জোট সরকারের আমলে জামায়াতের দু’জন মন্ত্রী শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী ও শহীদ আলী আহসান মুজাহিদ তিনটি মন্ত্রণালয় পরিচালনা করেছিলেন, কিন্তু সেখানে দূরবীন দিয়েও এক টাকার দুর্নীতি কেউ খুঁজে বের করতে পারেনি। সুতরাং একমাত্র জামায়াতের দ্বারাই এদেশকে দুর্নীতিমুক্ত করা সম্ভব।’
বিশেষ অতিথি শাহজাহান চৌধুরী বলেন, ‘আমাদের চ্যালেঞ্জ হচ্ছে নিরপেক্ষ নির্বাচন, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত নিরপেক্ষ প্রশাসন। সুতরাং এ চ্যালেঞ্জ মোকাবেলা করেই আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে।’
তিনি আরো বলেন, ‘বাংলার মানুষ আজ পরিবর্তন চায়। জামায়াতে ইসলামী একদল সোনার মানুষ তৈরি করেছে। আর সেই সোনার মানুষ দিয়েই জাতির ভাগ্য পরিবর্তন করতে চায়।’








