অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উদ্দেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আপনি নিরপেক্ষ থাকবেন, জাতির আশা-আকাঙ্ক্ষা পূরণে আপনাকে আমরা সর্বাত্মক সহযোগিতা করব।
তিনি বলেন, ‘নির্বাচনের আগে মৌলিক সংস্কারগুলো শেষ করতে হবে। একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে কেউ আর বেকার থাকবে না। কেউ গৃহহীন থাকবে না, সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধ হবে।’
শুক্রবার (২৭ জুন) সকালে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের উদ্যোগে থানা মজলিসে শূরা সদস্যদের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নারায়ণগঞ্জ শহরের হোসিয়ারি সমিতিতে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
গোলাম পরওয়ার বলেন, ‘আত্ম-মানবতার সেবায় মানুষের কল্যাণে প্রত্যেককেই নিয়োজিত থাকতে হবে। দুর্নীতি আর দুঃশাসন রুখবে এবার জনগণ।’
তিনি বলেন, ‘এদেশের মানুষ অতীতে দিল্লির তাবেদারি মেনে নেয়নি ভবিষ্যতেও মেনে নেবে না।’
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমির মাওলানা আবদুল জব্বারের সভাপতিত্বে এ সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন।
নারায়ণগঞ্জ মহানগরীর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইনের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈন উদ্দিন আহমাদ, মহানগরীর নায়েবে আমির মাওলানা আবদুল কাইয়ুম, সহকারী সেক্রেটারি মোহাম্মদ জামাল হোসেন, এইচ এম নাসির উদ্দিনসহ নারায়ণগঞ্জ মহানগর কর্মপরিষদ সদস্য এবং থানা আমির ও সেক্রেটারিরা।








