মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বর্ষবরণ উৎসব সাংগ্রাইকে স্বাগত জানিয়ে খাগড়াছড়িতে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) বেলা ১১টার দিকে খাগড়াছড়ি পৌরসভা গেইট প্রাঙ্গণে জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা ও জেলা বিএনপির উপদেষ্টা জাকিয়া জিন্নাত বীথি বেলুন উড়িয়ে র্যালিটির উদ্বোধন করেন। পরে বর্ণাঢ্য র্যালিতে অংশগ্রহণ করেন তারা। এ সময় স্থানীয় মারমা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে রঙিন ব্যানার, প্ল্যাকার্ড ও বাদ্যযন্ত্র নিয়ে মারমা তরুণ-তরুণী ছোট-বড় সকল শ্রেণি-পেশার মানুষ খাগড়াছড়ি পৌরসভা গেইট থেকে র্যালি নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে য়ংড বৌদ্ধ বিহার এলাকায় গিয়ে শেষ হয়।
এদিকে বর্ষবরণের এ আয়োজনকে ঘিরে মারমা জনগোষ্ঠীর পাড়া-মহল্লায় চলছে ঐতিহ্যবাহী নানা খেলাধুলা।
উল্লেখ্য, মারমাদের সাংগ্রাই উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হবে আগামীকাল মঙ্গলবার (১৪ এপ্রিল) থেকে।















